বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের দামোদর নদীর উপর অবস্থিত কালাঝরিয়া জল প্রকল্প কার্যত ভেঙে পড়ার পর থেকেই তীব্র জল সংকটে ভুগছে আসানসোলের জামুড়িয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে জামুড়িয়ার তাপসী এলাকায় দীর্ঘ প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে পানীয় জলের চরম অভাব দেখা দিয়েছে। ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে অভিযোগ এলাকাবাসীর।


এই জল সংকটের প্রতিবাদে শুক্রবার শীতের দুপুরে ক্ষোভে ফেটে পড়েন তাপসী এলাকার মহিলারা। জল সরবরাহের দাবিতে একযোগে ৬০ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে বসে পড়ায় অনেকক্ষন ধরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও এলাকায় স্থায়ী ও নিয়মিত জল সরবরাহের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন জল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।


মহিলারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে যদি তাপসী এলাকায় সঠিক ও নিয়মিত জল সরবরাহ শুরু না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

কালাঝরিয়া জল প্রকল্প ভেঙ্গে পড়ার জেরে তীব্র জলকষ্ট, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ জামুড়িয়ার তাপসিতে


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ও একইসঙ্গে সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূল নেতাদের পক্ষ থেকে দ্রুত জল সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে, তার পরেই বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *