বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোলের এসবি গড়াই রোডে যানজটকে কেন্দ্র করে এক বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামের যুবকদের সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনার জেরে ওই সংস্থার স্থানীয় দপ্তরের কাজকর্ম আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, একটি বিয়ে বাড়ির টুরিস্ট বাস এসবি গড়াই রোডে ঢুকে পড়ায় হঠাৎ করেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট মুক্ত করতে স্থানীয় গ্রামবাসী এবং বিয়ে বাড়ির সদস্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালান। অনেকটা সময় পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে হঠাৎ ওই বেসরকারি ডেলিভারি সংস্থার এক কর্মী মোটরসাইকেল নিয়ে এমনভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েন, যার ফলে ফের যানজট তৈরি হয় বলে অভিযোগ।
এ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে ওই কর্মীর বচসা বাধে এবং তা দ্রুত মারামারির রূপ নেয়। পরে পরিস্থিতি সামলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে অভিযোগ, কিছুক্ষণ পর ওই ডেলিভারি সংস্থার আরও কয়েকজন কর্মী পাশের একটি ম্যারেজ হলে চলতে থাকা বিয়ে বাড়িতে চড়াও হয়। তাদের ধারণা ছিল, যানজটের সময় তাদের সহকর্মীকে মারধর করা হয়েছে এবং তারই বদলা নিতে তারা সেখানে হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন এবং অভিযোগ, বিয়ে বাড়িতে হামলা চালাতে আসা সংস্থার কর্মীদের মারধর করা হয়। ঘটনার পর থেকেই ওই সংস্থার স্থানীয় অফিস বন্ধ রয়েছে এবং সমস্ত কাজকর্ম স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। ফলে পুলিশ প্রশাসনও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামবাসী ও সংস্থার প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। পাশাপাশি, যারা হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে সংস্থা কী পদক্ষেপ নেবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।






