বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি পাড়ায় কূড়েদান থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল পুরনিগম এলাকার চিনকুটি মোড় সংলগ্ন একটি কূড়েদান থেকে এই ভোটার পরিচয়পত্রগুলি উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কয়েকজন পথচারী কূড়েদানের ভিতরে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক যুবক জানান,(বাইট আছে) তিনি স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তাঁর ভাই ফোন করে জানান যে তাঁর ভোটার কার্ড কূড়েদানে পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসে তিনি নিজের নামের একটি ভোটার কার্ড দেখতে পান। তবে তাঁর দাবি, আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং সেটি কখনও কারও হাতে দেননি।


এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের একাংশের মতে, পুরনো ভোটার কার্ড বদলে নতুন কার্ড ইস্যু হলে সাধারণত পুরনো কার্ড নষ্ট করে দেওয়া হয় বা নির্দিষ্ট নিয়মে বাতিল করা হয়। কিন্তু সেই কার্ডগুলি যদি এভাবে খোলা কূড়েদানে পড়ে থাকে, তবে তা গুরুতর গাফিলতি কিংবা অন্য কোনও অনিয়মের ইঙ্গিত দিতে পারে বলেই মনে করছেন অনেকে।


খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *