বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি সরকারি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে গিয়ে অনুষ্ঠানের শুরুতেই শোনা যায় এমন একটি মন্ত্র উচ্চারণ, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।


সোমবার দুর্গাপুরের হর্ষবর্ধন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। অভিযোগ, অনুষ্ঠানের শুরুতেই এক পুরোহিত মাইক্রোফোন হাতে নিয়ে ‘ওম গন্ধম পুষ্পম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ মন্ত্র উচ্চারণ করতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।


বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, “এরা পুজো নিয়েও নোংরা রাজনীতি করছে। ঠাকুর-দেবতার মন্ত্রের সঙ্গে রাজনৈতিক স্লোগান জুড়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক। সরকারি অনুষ্ঠান ও দলীয় কার্যক্রমকে একসঙ্গে মিশিয়ে দেওয়া সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ।” তিনি আরও দাবি করেন, সরকারি মঞ্চে কোনওভাবেই দলীয় স্লোগান উচ্চারণ করা উচিত নয়।


যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন, “মানুষের আবেগ থেকেই ওই স্লোগান উঠেছে। বিজেপি অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করছে, সেই কারণেই সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে।”
ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। সরকারি অনুষ্ঠান এবং দলীয় স্লোগানকে ঘিরে এই বিতর্ক এখন জোর চর্চার বিষয় হয়ে উঠেছে দুর্গাপুরসহ গোটা পশ্চিম বর্ধমান জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *