বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হয়েছে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কোনও নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এই সময়ে নির্বাচন কমিশনের হাতে বিশেষ ক্ষমতা থাকে, যার মাধ্যমে প্রশাসনিক স্তরে বদলি বা দায়িত্বে পরিবর্তনের নির্দেশ দেওয়া যায়। অতীতেও নির্বাচন ঘিরে একাধিক পুলিশকর্তা ও সরকারি আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। পুলিশ সুপার থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার পর্যন্ত পরিবর্তনের নজির রয়েছে। এমনকি স্বরাষ্ট্রসচিব পদেও বদল হয়েছে আগেও। তবে মুখ্যসচিব পর্যায়ে এ ধরনের পরিবর্তন সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি।এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। অভিযোগ ছিল, নির্বাচনী প্রক্রিয়ায় তাঁর কিছু পদক্ষেপ কমিশনের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সেই সময় সিআইডি-র অতিরিক্ত মহাপরিদর্শক পদে থাকা রাজীব কুমারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।নন্দিনী চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্মন্তকে। তিনি এতদিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেচ দফতরের কাজও সামলেছেন তিনি।অন্যদিকে, জগদীশপ্রসাদ মীনার বদলে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে আইএএস আধিকারিক সংঘমিত্রাকে। ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আধিকারিক এতদিন নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক দায়িত্ব তাঁর হাতেই ছিল।উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, ১৪২টি আসনে। সব মিলিয়ে ২৯৪টি আসনের ভোটগ্রহণ শেষে গণনা হবে ৪ মে।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার সাংবাদিক বৈঠকে এই নির্বাচনী সূচি ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে এত কম দফায় বিধানসভা নির্বাচন খুব একটা দেখা যায়নি। গত কয়েকটি নির্বাচনে সাধারণত ছয় থেকে সাত দফায় ভোট হয়েছে, আর ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation মোদির হাত ধরে ₹১৮,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা, পশ্চিমবঙ্গে ৬টি অমৃত স্টেশনের উদ্বোধন —