বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ভোটের আবহে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে ফের উত্তেজনা ছড়াল কোলিয়ারি কোয়ার্টার খালি করার নোটিশকে কেন্দ্র করে। এর আগেই পান্ডবেশ্বরে একই ঘটনায় নোটিশ ছিঁড়ে বিতর্কে জড়িয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি। এবার সেই একই পথে হাঁটলেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার।


জানা গিয়েছে, ভারত ককিং কোল লিমিটেড (BCCL)-এর সিভি এরিয়া ১২-এর অন্তর্গত মনবড়িয়া শিব মন্দির সংলগ্ন নিচু ধৌড়ায় কোয়ার্টার খালি করার জন্য বাসিন্দাদের সাত দিনের নোটিশ দেয় কোলিয়ারি কর্তৃপক্ষ। এই খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছান ডাঃ অজয় পোদ্দার।
স্থানীয় বাসিন্দাদের সামনে তিনি ওই নোটিশগুলি নিজের হাতে ছিঁড়ে ফেলেন। শুধু তাই নয়, কোলিয়ারি কর্তৃপক্ষকে কড়া বার্তাও দেন তিনি। পোদ্দার বলেন, “ভোটের সময় এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। মানুষের মাথার ওপর ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, তিনি BCCL-এর জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, এই বিষয়ে আলোচনা না হওয়া পর্যন্ত কোনও ধরনের উচ্ছেদ অভিযান না চালানোর আবেদন জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভোটের মুখে এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিধায়কের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও পান্ডবেশ্বরে একই ধরনের ঘটনায় জিতেন্দ্র তেওয়ারি প্রকাশ্যে নোটিশ ছিঁড়ে প্রতিবাদ জানান, যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার কুলটিতেও একই ছবি দেখা গেল, ফলে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *