বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বিভাগের গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য মিলল। মঙ্গলবার গভীর রাতে আসানসোল সাউথ থানার অন্তর্গত গীর্জা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৪ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ প্রায় দেড় লক্ষ টাকা।

গীর্জা মোড়ে পুলিশের বড় সাফল্য! ৩৪ গ্রাম ব্রাউন সুগার ও দেড় লক্ষ টাকা সহ ৩ গ্রেফতার, চাঞ্চল্য শিল্পাঞ্চলে


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা একটি টোটোতে চেপে মাদক সরবরাহ করতে যাচ্ছিল। সেই সময় ডিডি বিভাগের দল চারদিক থেকে ঘিরে ফেলে তাদের হাতেনাতে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিপজ্জনক মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল।
অন্যদিকে, টোটো চালকের দাবি, সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তার কথায়, সে রেলপারের বাসিন্দা এবং অসুস্থতার অজুহাতে মোহাম্মদ নবাব নামে এক ব্যক্তিকে আলমনগরে পৌঁছে দিতে যাচ্ছিল। যাত্রীর কাছে কী ছিল, সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হঠাৎ করেই পুলিশ ঘিরে ধরে তল্লাশি চালায় এবং মাদক ও নগদ টাকা উদ্ধারের পরই সে পুরো বিষয়টি জানতে পারে।


যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ধৃতদের পূর্ণ পরিচয় বা উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে প্রাথমিকভাবে প্রায় ৩৪ গ্রাম মাদক উদ্ধারের কথা জানা যাচ্ছে।
এই ঘটনার পর শিল্পাঞ্চলে বেআইনি মাদক চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংগঠিত মাদক চক্রের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *