বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল পৌরনিগম এলাকার সমস্ত পার্কিং বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে বলে ঘোষণা করেছে কর্পোরেশন। পৌরনিগম সূত্রে জানা গেছে, নতুন টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও ব্যক্তি বা সংস্থা পার্কিং ফি আদায় করতে পারবে না। এমনকি যদি কেউ বেআইনিভাবে পার্কিং চার্জ আদায় করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আসানসোল শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জি টি রোড সংলগ্ন কর্পোরেশনের অধীনস্থ একাধিক পার্কিং জোনে এখনও দেদার পার্কিং ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


সাধারণ মানুষের অভিযোগ, কর্পোরেশনের তরফে পার্কিং ফি বন্ধের ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই পার্কিং কর্মীরা আগের মতোই টাকা আদায় করছেন বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, কর্পোরেশনের নির্দেশ অমান্য করে কারা পার্কিং ফি আদায় করছে? প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এই বেআইনি আদায় চলতে পারে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা।
এদিকে, কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যিনি বৈধভাবে পার্কিং পরিচালনার দায়িত্ব পাবেন, শুধুমাত্র তিনিই নির্ধারিত নিয়ম অনুযায়ী পার্কিং ফি আদায় করতে পারবেন। তার আগে কোনওভাবেই টাকা নেওয়া বৈধ নয়।
এখন দেখার বিষয়, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং বেআইনি পার্কিং ফি আদায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *