বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

তৃণমূল কংগ্রেসের জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অন্ডাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অবৈধ বালি পাচারের অভিযোগের তদন্তে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার প্রেমপাল সিং, অবৈধ বালি পাচার মামলায় ১৪ দিনের হেফাজত চাইল পুলিশ


শুক্রবার সকালে প্রেমপাল সিংকে আসানসোল আদালতে পেশ করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জামুড়িয়া থানার তদন্তকারী পুলিশ আধিকারিক।
প্রেমপাল সিংকে ঘিরে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েক সপ্তাহ আগে জামুড়িয়ার বহুলায় তার বাড়ি সংলগ্ন একটি দলীয় কার্যালয় থেকে প্রায় ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনাকে ঘিরেও শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল।
এদিন জামুড়িয়ার বিধায়ক ডক্টর বিজন মুখোপাধ্যায় বলেন, প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রেমপাল সিং ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে ভয়ের পরিবেশ ছিল বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি, এত বিপুল সম্পত্তির উৎস কী, তা নিয়েও শিল্পাঞ্চলের মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিজন মুখোপাধ্যায়ের আশা, অভিযোগগুলির তদন্তে আইন অনুযায়ী পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
তবে প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে অবৈধ বালি পাচারের সঙ্গে তাঁর কথিত যোগসূত্র এবং অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।
প্রেমপাল সিংয়ের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই জামুড়িয়া, রানিগঞ্জ ও অন্ডাল-সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *