বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আধ্যাত্মিক আবহ, ভক্তিময় পরিবেশ এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে শুরু হল আসানসোলের বাদু শিবানন্দ সেবাশ্রম, হারাভাঙ্গা (টিরাট) শাখার ১০ম শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা ও মেলা। আশ্রমের কর্ণধার স্বামী শিবানন্দ মহারাজ-এর নেতৃত্বে আয়োজিত এই ধর্মীয় উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


আয়োজকদের দাবি, রথযাত্রায় প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে আশ্রমের সহ-সভাপতি পরেশ মণ্ডল মন্ত্রী অগ্নিমিত্রা পালকে উত্তরীয় পরিয়ে ও স্মারক (মেমেন্টো) প্রদান করে সংবর্ধনা জানান।
বিকেলে রথযাত্রা শুরু হয়। প্রখর রোদ, মাঝেমধ্যে বৃষ্টি ও শীতল বাতাসের মধ্যেই প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে রথের সঙ্গে চলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং হাজার হাজার ভক্ত। শেষ পর্যন্ত মহাপ্রভুর রথকে শোভাযাত্রার মাধ্যমে আশ্রমে পৌঁছে দেওয়া হয়।
রথযাত্রা শেষে আশ্রম প্রাঙ্গণে প্রায় ৫,০০০ ভক্তের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় পালা কীর্তন, যেখানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রানী দাস ও তাঁর দল।

Massive Jagannath Rath Yatra in Harabhanga | Minister Agnimitra Paul Joins 12,000 Devotees | Rath Yatra 2026


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জুলাই পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে জনপ্রিয় টেলিভিশন শিল্পীদের পরিবেশনা, অপেশাদার যাত্রাপালা, কবিগান, বাউল সঙ্গীত, আদিবাসী নৃত্য, রথীন কিস্কুর আদিবাসী অর্কেস্ট্রা, বসে আঁকো প্রতিযোগিতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ। আর ২৪ জুলাই উল্টো রথের দিন মহাপ্রভুকে পুনরায় হারাভাঙ্গা জগন্নাথ ধামে নিয়ে যাওয়া হবে। সেই উপলক্ষে আবারও হাজার হাজার ভক্তের জন্য খিচুড়ি মহাপ্রসাদের আয়োজন করা হবে।
ধর্মীয় উৎসব, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছে হারাভাঙ্গার এই শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা ও মেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *