বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডর (পার্পল লাইন) নির্মাণে সফলভাবে টানেল খননের কাজ সম্পূর্ণ করল টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে পৌঁছে সফলভাবে ব্রেকথ্রু করে ‘দিব্যা’।এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত, মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), L&T-সহ সংশ্লিষ্ট সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। ‘দিব্যা’র এই ব্রেকথ্রুর ফলে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত দ্বিতীয় টানেলের নির্মাণকাজও সম্পূর্ণ হল। এর আগে গত ১০ জুলাই ২০২৬ TBM ‘দুর্গা’ ভিক্টোরিয়া স্টেশনে ব্রেকথ্রু করেছিল। অর্থাৎ এবার খিদিরপুর–ভিক্টোরিয়া অংশের দুইটি টানেলই সফলভাবে সম্পন্ন হয়েছে।‘দিব্যা’ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত মোট ১.৭২ কিলোমিটার দীর্ঘ টানেল খনন করেছে। এই কাজের জন্য খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের ভিতরে তৈরি করা হয়েছিল ৩৭ মিটার লম্বা, ২২ মিটার চওড়া এবং ১৭ মিটার গভীর লঞ্চিং শ্যাফট।টানেল তৈরির কাজে ব্যবহৃত TBM-এর বাইরের ব্যাস ৬.৬০ মিটার। প্রায় ৯৫ মিটার লম্বা এবং ৬০০ টন ওজনের এই বিশাল মেশিনটি চেন্নাইয়ে তৈরি করে ২০২৫ সালের মার্চ মাসে কলকাতায় আনা হয়েছিল।কলকাতার নরম মাটি এবং উচ্চ ভূগর্ভস্থ জলস্তরের কথা মাথায় রেখে টানেল খননে ব্যবহার করা হয়েছে Earth Pressure Balancing (EPB) প্রযুক্তির TBM। টানেলের ভিতরের কাঠামো তৈরিতে ২৭৫ মিলিমিটার পুরু M50 গ্রেডের প্রিকাস্ট কংক্রিট সেগমেন্ট ব্যবহার করা হচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে প্রায় ৫.৮০ মিটার ব্যাসের ফিনিশড টানেল।খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত জোড়া টানেল নির্মাণে দুটি TBM ব্যবহার করা হচ্ছে। এরপরের অংশে Cut & Cover পদ্ধতিতে টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এই সাফল্য প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার ইঞ্জিনিয়ারিং দক্ষতা, পরিকল্পনা, সমন্বয় এবং নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার প্রমাণ। ঘনবসতিপূর্ণ এলাকায় উপরিভাগের যান চলাচল ও স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন না ঘটিয়েই অত্যন্ত সতর্কতার সঙ্গে টানেল খননের কাজ সম্পন্ন করা হয়েছে।জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডর কলকাতার মেট্রো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রকল্পটি সম্পূর্ণ হলে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় যাতায়াত আরও দ্রুত, নিরাপদ এবং সহজ হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।‘দিব্যা’র এই সফল ব্রেকথ্রু তাই শুধু একটি টানেল খননের সাফল্য নয়, কলকাতার ভবিষ্যৎ নগর পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation ব্রেকিং নিউজ: ভোটের আগে বড় ধাক্কা! কয়লা কেলেঙ্কারিতে গ্রেফতার আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল