বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন আসানসোলের শ্রীহরি গ্লোবাল স্কুলের প্রহরী। অভিযোগ, মুখোশ পরা তিন দুষ্কৃতী তাঁর পথ আটকিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি লাগে তাঁর পায়ে। গুলিবিদ্ধ অবস্থাতেও দুষ্কৃতীদের প্রতিরোধ করেন ওই প্রহরী। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন দুষ্কৃতী।

গুলি বিদ্ধ যুবক হরিদাস লায়েক আসানসোল জেলা হাসপাতালে ভর্তি


আহত প্রহরীর নাম হরিদাস লায়েক (৪৩)। তিনি আসানসোলের সালানপুর থানার অন্তর্গত আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর পায়ে অস্ত্রোপচারও করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো গত রাতে বাইকে করে কাজে যাচ্ছিলেন হরিদাস। ১৯ নম্বর জাতীয় সড়কের তৃশূল হোটেলের কাছে আচমকাই বাইকে করে এসে তিন মুখোশধারী দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপর তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। হরিদাস বাধা দিলে তাঁকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি চালায় দুষ্কৃতীরা।।
একটি গুলি তাঁর পায়ে লাগে। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরও দুষ্কৃতীদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন হরিদাস। তাঁর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন দুষ্কৃতী।

পুলিশ কমিশনার ডক্টর প্রনব কুমার ঘটনাস্থল পরিদর্শনে


ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় হরিদাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর এলাকায় নাকা-চেকিং জোরদার করা হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি, ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি (ওয়েস্ট) সানা আখতার, ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রাতে ডিউটিতে যাওয়ার সময় নির্জন রাস্তায় একজন প্রহরীকে লক্ষ্য করে এভাবে গুলি চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *