ত্রিপল কেলেঙ্কারিতে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! একাধিক অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ

রাজ্য সরকারের গরিব মানুষের জন্য বরাদ্দ করা ত্রিপল নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন আসানসোল পৌরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে যে ত্রিপল দেওয়া হয়েছিল, তার একটি বড় অংশ কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের হাতে সেই ত্রিপল তুলে না দিয়ে নিজের বাড়িতেই মজুত করে রাখা হয়েছিল।


এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ত্রিপল উদ্ধারের ঘটনাই নয়, তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা আরও একাধিক গুরুতর অভিযোগের তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে অবৈধ বালি কারবারে জড়িত থাকা, তোলাবাজি, এবং গরিব মানুষকে সরকারি আবাসনের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের মতো বিষয়।
পুলিশের দাবি, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে। অন্যদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে নারাজ পুলিশ প্রশাসন। বর্তমানে গোটা ঘটনার ওপর নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *