বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্নপুর নিউ টাউন এলাকায় রবিবার শুরু হল মন্ত্রী অগ্নিমিত্রা পালের নামে একটি ফুটবল টুর্নামেন্ট। তাঁর জন্মস্থানেই ১৬টি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মুহূর্তেই পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে গোল করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন অগ্নিমিত্রা পাল। এরপর অংশগ্রহণকারী ফুটবলারদের সঙ্গে করমর্দন করে তাঁদের শুভেচ্ছা ও সম্বর্ধনা জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, গত পাঁচ বছরে খেলাধুলার প্রসারে একাধিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করলেও বিভিন্নভাবে তাঁকে এবং তাঁর দলকে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর খেলাধুলার আরও প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “যে বার্নপুরে আমার জন্ম, যেখানে জীবনের প্রথম ১৩টি বছর কেটেছে, সেই জায়গায় আজ আমার নামে ১৬টি দলকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এর উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আবেগাপ্লুত।”
তিনি আরও দাবি করেন, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে, যেখানে ফুটবল-সহ বিভিন্ন ধরনের খেলাধুলার সুযোগ থাকবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিন তৃণমূল সরকারের সমালোচনাও করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ফুটবলপ্রেমীদের আবেগকে ব্যবহার করে শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে আন্তর্জাতিক তারকা ফুটবলার লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকৃত খেলাধুলার উন্নয়ন করতে হলে পরিকাঠামো গড়ে তোলা এবং প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়াই সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বর্ষার মনোরম আবহাওয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, আয়োজক কমিটির সদস্য এবং বহু সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয়। ১৬টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *