বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা একসময় পশ্চিমবঙ্গ ছিল দেশের অন্যতম শিল্পকেন্দ্র। সেই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনাই এখন সরকারের লক্ষ্য। রাজ্যে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা খতিয়ে দেখতে আসানসোলের জামুড়িয়ায় শ্রী মা গ্রুপের টেক্সটাইলস কারখানা পরিদর্শন করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। সংস্থার ডিরেক্টর ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। তৈরি হওয়া জামা দেখাচ্ছেন মন্ত্রী গিরিরাজ সিং ও বিজয় শর্মা, পাশে জেলা শাসক এস পোন্নমবলম উল্লেখ্য, গত কিছু সময় ধরে পশ্চিমবঙ্গ থেকে শিল্প সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করছিল শ্রী মা টেক্সটাইলস কর্তৃপক্ষ। রাজ্যের শিল্প পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার কারণে সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই ভাবনায় পরিবর্তন এনে জামুড়িয়াতেই কারখানার সম্প্রসারণের পরিকল্পনা করছে সংস্থা। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর শিল্পাঞ্চলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এদিন কারখানা পরিদর্শনের পাশাপাশি সংস্থার আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন গিরিরাজ সিং। শিল্পের উৎপাদন, কর্মীদের পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং আগামী দিনে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা হয়। রাজ্যের ঘোষিত শিল্পনীতি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে কী ভাবে শিল্পের পরিধি বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়। মন্ত্রীর আশ্বাস, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় ভারতীয় বস্ত্রশিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সব রকম সহযোগিতায় পাশে থাকবে। তাঁর বক্তব্যে উৎসাহিত সংস্থা কর্তৃপক্ষও নতুন করে সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।পরিদর্শন শেষে গিরিরাজ সিং বলেন, এক সময় বাংলা শিল্প, কলকারখানা ও শিল্পায়নের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে আসতেন। তৈরি হত বিপুল কর্মসংস্থান। কিন্তু তাঁর অভিযোগ, বামফ্রন্টের শাসনকাল থেকে শুরু করে পরবর্তী তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিল্প পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার শিল্পের ঐতিহ্য ও পরিচিতি। বর্তমানে বিজেপি সরকার সেই পুরনো শিল্পগৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পের বিকাশ এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।অন্য দিকে, সংস্থার পক্ষ থেকে অভিষেক শর্মা জানান, কারখানার সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ও চিন্তাভাবনা শুরু হয়েছে। আগামী দিনে কী ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন কারখানার ডিরেক্টর বিজয় শর্মা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোনমবালম এবং কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনস্থ দফতরের বস্ত্রশিল্প সংক্রান্ত আধিকারিকেরা।শ্রী মা টেক্সটাইলসের এই সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে জামুড়িয়া তথা আসানসোল শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে। শিল্প সরিয়ে নেওয়ার জল্পনার বদলে জামুড়িয়াতেই নতুন করে শিল্পের ডালপালা ছড়ানোর এই উদ্যোগে আশার আলো দেখছে শিল্পমহল। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু