বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ ৮০ বছরের এক বৃদ্ধ রোগী। শুক্রবার বিকেল থেকে রাতভর উদ্বেগ, উৎকণ্ঠা আর তল্লাশি। শেষ পর্যন্ত শনিবার সকালে আসানসোলের ইসমাইলের রায় পাড়ার কাছে সন্ধান মিলল ওই বৃদ্ধের। দীর্ঘ উদ্বেগের অবসান ঘটিয়ে পরিবারের হাতে বৃদ্ধকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কলকাতায় থাকলেও গোটা রাত পরিস্থিতির উপর নজর রাখেন তিনি। তাঁর ব্যক্তিগত সচিব দিপক গুপ্ত ও সহযোগী অজয় যাদব স্ফ অন্যান্যদের তৎপরতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধের সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে।
ঘটনার সূত্রপাত শুক্রবার। জানা গিয়েছে, আসানসোল পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর হাউজিংয়ের বাসিন্দা সমরেশ কুন্ডু (৮০) দুপুর ১২টা নাগাদ চিকিৎসার জন্য পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল রেল হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, বিকেল ৫টা নাগাদ তাঁকে আর হাসপাতালের ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত প্রায় ৮টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিবারের সদস্যদের জানানো হয়, নিখোঁজ সমরেশবাবু। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন পরিবারের লোকজন। হাসপাতালের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
এরপর স্থানীয় বাসিন্দা জয়শ্রী বোস বিষয়টি জানান বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে। সেই সময় একটি জরুরি বৈঠকে যোগ দিতে কলকাতায় ছিলেন বিধায়ক। খবর পেয়েই তিনি নিজের ব্যক্তিগত সচিব দীপক গুপ্তকে হাসপাতালে পাঠান। পাশাপাশি আসানসোলের ডিআরএম, আরপিএফ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, বিকেল ৫টা ৩ মিনিট নাগাদ সমরেশবাবুকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয় শহরজুড়ে তল্লাশি। বিধায়কের ব্যক্তিগত সচিব দীপক গুপ্তের নেতৃত্বে অজয় যাদব, অন্তু কোনার, রোহিত রায়, অতুল রায় এবং মনীশ যাদব-সহ অন্যান্যরা রাতভর আসানসোল বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পুরনিগম মোড়, ট্রাফিক কলোনি-সহ শহরের বিভিন্ন এলাকায় খোঁজ চালান। রাত ৩টে পর্যন্ত তল্লাশি চললেও প্রথমে তাঁর সন্ধান মেলেনি।
অবশেষে শনিবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ পরিবারের কাছে খবর আসে, ইসমাইলের রায় পাড়ার কাছে সন্ধান মিলেছে সমরেশবাবুর। খবর পেয়েই সেখানে পৌঁছে তাঁকে পরিবারের সদস্যরা ফিরিয়ে নিয়ে আসেন। বিধায়কের পরামর্শ মেনে তাঁকে ফের আসানসোল রেল হাসপাতালে ভর্তি করানো হয়, যাতে তাঁর চিকিৎসায় কোনও খামতি না থাকে।
বিধায়কের নির্দেশে হাসপাতালের নিরাপত্তা নিয়ে তদন্তের দাবি
বৃদ্ধের সন্ধান পাওয়ার পরেও অবশ্য রেল হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী ভাবে একজন ৮০ বছরের রোগী হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন? সেই সময় তাঁকে আটকানোর কেউ ছিলেন না কেন? ওয়ার্ডের নার্সদের নজরদারি কোথায় ছিল? সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে কি কোনও কর্মী ছিলেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক।
শনিবার সকালে বিধায়কের প্রতিনিধি দীপক গুপ্ত রেল হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারভাইজার বীনা মারান্ডির সঙ্গে দেখা করে গোটা বিষয়টি নিয়ে কথা বলেন। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে কোথায় নজরদারির ঘাটতি ছিল, তা চিহ্নিত করার দাবি জানানো হয়। বিধায়ক নিজেও চিফ মেডিক্যাল সুপারভাইজার এবং আরপিএফ ইন্সপেক্টরের সঙ্গে ফোনে কথা বলেন।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, রেলের আসানসোল ডিভিশনের হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি কোথায় কোথায় খামতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এ দিকে, দীর্ঘ রাতের উৎকণ্ঠার পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তাঁর সহযোগী এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের লোকজন। তবে এই ঘটনা রেল হাসপাতালের নিরাপত্তা ও রোগীদের উপর নজরদারি ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিল।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পালাবদলের পর জামুড়িয়ার শ্রীপুরে ফের নতুন…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার স্বীকৃতি।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রামকৃষ্ণ মঠ ও মিশনের আকাশে নেমে এল শোকের ছায়া। নিভে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকে আরও ১৯২টি নন-গেজেটেড (NG)…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমপুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর কড়া ভাষায় হুঁশিয়ারি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ::ছট পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারিতে বিশেষ…