বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ ও পরিবহণের পরিমাণ বাড়াতে উদ্যোগী হল পূর্ব রেল ও ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। সেই লক্ষ্যে সোমবার পূর্ব রেলের সদর দফতরে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে বৈঠক করলেন ইসিএলের চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা। বৈঠকে কয়লা বোঝাই ও পরিবহণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি রেলের পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ বাড়াতে বৈঠক, পরিকাঠামো উন্নয়নে জোর পূর্ব রেল ও ইসিএলের


ইসিএলের সিএমডি সতীশ ঝার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) হিমাংশু প্রতাপ সিং। অন্যদিকে, পূর্ব রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ফ্রেট ট্রান্সপোর্টেশন ম্যানেজার-সহ একাধিক পদস্থ আধিকারিক।
বৈঠকে মূলত ইসিএলের বিভিন্ন সাইডিং থেকে কয়লা বোঝাইয়ের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎকেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় রেল পরিকাঠামো উন্নয়নের রূপরেখাও পর্যালোচনা করা হয়।
পাশাপাশি, ওজন মাপার যন্ত্র বা ওয়েব্রিজগুলি যাতে সঠিকভাবে সচল থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। কয়লাবোঝাই রেকে অতিরিক্ত ওজনের ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
দুই সংস্থার আধিকারিকরাই পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির উপর জোর দেন। তাঁদের মতে, যৌথ উদ্যোগ ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কয়লা পরিবহণের গতি বাড়ানোর পাশাপাশি সামগ্রিক রেল পরিষেবার দক্ষতাও বৃদ্ধি করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *